গরুর বিকল্প খাদ্য : কচুরিপানা

 গরুর বিকল্প খাদ্য : কচুরিপানা

যদি কোন খামারীকে প্রশ্ন করা হয়, এদেশে গরুর জন্য কোন খাবারটা সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়? একবাক্যে উত্তর হবে, কচুরিপানা। বর্ষাকালে ধান এবং ফসলি জমিতে পানির সাথে সাথে বেড়ে ওঠা বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ কচুরিপানা কৃষকের জন্য অনেক সময় যন্ত্রনাদায়ক হলেও, এই কচুরিপানা ই আবার দূর্দিনে গরুর জন্য বড় সবচেয়ে উপকারী বিকল্প গোখাদ্য। কচুরিপানা পাওয়া যায়না এরকম প্রাকৃতিক জলাশয় এদেশে খুজে পাওয়া যাবেনা, যেখান থেকে বেশীরভাগ কচুরিপানা টেনে তুলে মাটিতে গাদা করে পচানো হয়। কিন্তু যেখানে গরুর জন্য ঘাসের অভাব, খড়ের অভাব, সেখানে এটাই হতে পারে অন্যতম প্রধান গোখাদ্য। বিশেষ করে ঢাকা শহর, শহরতলী এবং অন্যান্য শহরের খামারে কচুরিপানা গরুর অন্যতম প্রধান খাবার। আর ঘাস খড়ের অভাবের সময়ে গ্রামের সাধারন ক্ষুদ্র রাখাল তো আছেই।
পুকুর ও জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য ১৯০২ সালে ব্রাজিল থেকে এদেশে নিয়ে আসা কচুরিপানা এখন শহর থেকে শুরু করে গ্রামীন, সকল জলাশয়ে প্রচুর পাওয়া যায়। ধরে নেয়া হয় ট্রপিক্যাল এবং সাব ট্রপিকাল অঞ্চলে গরুর অন্যতম প্রধান বিকল্প খাদ্য কচুরিপানা গরুর জন্য পুষ্টিহীন অখাদ্য, যদিও এটা শুধুই ধারনামাত্র। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া এড়িয়ে নিওম মেনে খাওয়ানো কচুরিপানা হতে পারে কাচাঘাসের সংকটকালীন সময়ে গরুর প্রধান বেচে থাকার অবলম্বন, যা টাকা খরচ করে কিনতে হয়না। বিশ্বের কমপক্ষে ৫০-৬০ টি দেশে গরুকে বিকল্প খাবার হিসাবে কচুরিপানা খাওয়ানো হয়, কোথাও ফ্রেশ তাজা ঘাস হিসাবে, কোথাও সাইলেজ হিসাবে এবং কোথাও হেলেজ হিসাবে। তবে ফ্রেশ ঘাসের বিকল্প হিসাবেই কচুরিপানা সবচেয়ে জনপ্রিয় খাবার। যদিও ৯০-৯২% জলীয় অংশ ঘাস হিসাবে কচুরিপানা খাওয়ানোর প্রধান প্রতিবন্ধকতা।
কচুরিপানার পুষ্টিগুণ : "প্রাকৃতিক পানি বিশুদ্ধকারী" জলজ উদ্ভিদ হিসাবে পরিচিত কচুরিপানার পুষ্টিগুন নির্ভর করে মূলত পানির পুষ্টিমানের উপরে। কারন কচুরিপানা পানি থেকে শুধু বেড়ে উঠার পুষ্টিই গ্রহন করেনা, একই সাথে পানির মধ্যে থাকা ক্ষতিকর উপাদান ও শোষন করে। পচা ও বিষাক্ত পানিতে জন্ম নেয়া কচুরিপানা যেমন বিষাক্ত উপাদানযুক্ত, তেমন বিশুদ্ধ ভালো মানের পানিতে জন্ম নেয়া কচুরিপানা প্রচুর মিনারেল ও পুষ্টি সমৃদ্ধ। বিশুদ্ধ পানিতে জন্ম নেয়া কম বয়সী সবুজ ও সতেজ কচুরিপানার (মূল সহ) পুষ্টিগুন নিচে বিস্তারিত দেয়া হলো :-
পুষ্টি উপাদান : (%/ড্রাই ম্যাটার)
ড্রাই ম্যাটার : 5-8%
ক্রুড ফ্যাট : ২.০%
ক্রুড প্রোটিন : ১৮.৩ %
ক্রুড ফাইবার : ২২.৬%
এ ডি এফ : ৩৩.৪%
এন ডি এফ : ৫৭.৩%
গ্রস এনার্জি : ১৫.৮ মেজুল/কেজি
ডাইজেস্টবল এনার্জি : ৮.৮ "
মেটাবলিক এনার্জি : ৭.১ "
মিনারেলস : (/কেজি ড্রাই ম্যাটার)
ক্যালসিয়াম : ১১.৩ গ্রা/কেজি
পটাসিয়াম : ২৫.৩ "
ম্যাগনেসিয়াম : ৫.০ "
ফসফরাস : ৩.০ "
সোডিয়াম : ২.০ "
ম্যাগনেসিয়াম : ৫.০ "
জিংক :২১ মিগ্রা/কেজি
আয়রন : ৩৭ "
কপার : ১২ "
এমাইনো এসিড : (%/প্রোটিন)
আর্গানাইন : ৬.৭ %
হিস্টিডাইন : ১.৭ %
লাইসিন : ৪.৩ %
মেথিওনিন : ১.৩ %
ভ্যালাইন : ৫.৬ %
খাওয়ানোর নিওম : গ্রীষ্মমন্ডলীয় বেশীরভাগ দেশেই সাধারনত কচুরিপানা গাছ থেকে শিকড় কেটে আলাদা সবুজ অংশ ও মূল ফ্রেশ ঘাস হিসাবে তাজা অবস্থায় গরুকে খাওয়ানো হয়। গরুও এভাবেই সবচেয়ে ভালো খায়। কিন্তু অনভ্যস্ত অনেক গরু এভাবে খাওয়ালে পাতলা পায়খানা করে। এই সমস্যার প্রধান কারন হচ্ছে কচুরিপানায় জলীয় অংশের পরিমান স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। এই সমস্যা সমাধানের সহজ সমাধান হচ্ছে কচুরিপানা কেটে ৪/৫ ঘন্টা রোদে রেখে পানি কিছুটা শুকায়ে খড়ের সাথে মিশায়ে খাওয়ানো। কাচা ঘাসের বিকল্প ছাড়াও কিছু প্রক্রিয়া অনুসরনের মাধ্যমে কচুরিপানা থেকে কম খরচে ভালো মানের সাইলেজ ও হেলেজ তৈরী করা যেতে পারে। অন্য পর্বে সাইলেজ নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ।
গরুর খাদ্য হিসাবে প্রতিবন্ধকতা ও ক্ষতিকর প্রভাব : ঘাসের বিকল্প হিসাবে কচুরিপানার প্রধান সীমাবদ্ধতা হচ্ছে মাত্রাতিরিক্ত জলীয় অংশ। ঘাসে ড্রাই ম্যাটারের পরিমান যেখানে ১৫-২০%, সেখানে কচুরিপানায় ড্রাই ম্যাটারের পরিমান ৫-৮%। এছাড়া যেহেতু কচুরিপানায় ক্যালসিয়াম অক্সালেট থাকে তাই অতিরিক্ত কচুরিপানা খাওয়ানো গরুর খাদ্য গ্রহনে অনীহা, ক্যালসিয়াম স্বল্পতা এবং মুখে বিস্বাদ অনুভূতি সৃষ্টি হতে পারে। তবে ক্যালসিয়াম অক্সালেটের পরিমান এতো বেশী নয় যা থেকে গরুর চরম ক্যালসিয়াম স্বল্পতা তৈরী হতে পারে। বেশী দুধের গাভীকে নিয়মিত কচুরিপানা খাওয়ালে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ানো দরকার হতে পারে। এছাড়া কচুরিপানা যেহেতু পানি থেকে ভালো মন্দ সব উপাদান শোষন করে, তাই বিষাক্ত পানিতে জন্ম নেয়া কচুরিপানার মধ্যে থাকা বিষাক্ত মেটাল যেমন সীসা, পারদ এবং অন্যান্য ক্ষতিকর জিনিস গরুর শরীরের জন্য ঝুকিপূর্ণ হতে পারে। এমনকি এই ধরনের বিষাক্ত কচুরিপানা খাওয়া গরুর দুধ ও দূষিত হয়ে যেতে পারে। তবে পরিষ্কার ও বিষাক্ত মেটাল (ধাতু) মুক্ত পানিতে জন্ম নেয়া কচুরিপানা হতে পারে গরুর জন্য ফ্রি বিকল্প খাদ্য।
ধন্যবাদ সবাইকে।

Comments